লেবানন থেকে বহিষ্কৃত ইরানের রাষ্ট্রদূত, পদক্ষেপকে স্বাগত জানাল ইজরায়েল

লেবানন সরকার সেদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত-মনোনীত মহম্মদ রেজা শিবানিকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। বিদেশমন্ত্রী ইউসেফ রাগ্গি সোশ্যাল মিডিয়ায় জানান, আগামী ২৯ মার্চের মধ্যে শিবানিকে লেবানন ছাড়তে হবে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বৈরুতে অবস্থিত ইরানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে সরকারিভাবে সম্মতি প্রত্যাহারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা’র লেবাননের এই পদক্ষেপকে ‘ন্যায্য ও জরুরি’ বলে অভিহিত করেছেন। তিনি হিজবুল্লাহর মাধ্যমে ইরানের পরোক্ষ দখলদারির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইজরায়েলের মতে, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটিকে যুদ্ধের হাত থেকে বাঁচাতে এই কূটনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে, বৈরুতে ইরান-ঘোষিত ব্যালিস্টিক মিসাইল পড়ার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, তারা বৈরুতের হাজমিয়েতে হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের এক অপারেটিভকে খতম করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।