১৬ হাজার কোটি টাকার ধামাকা! আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি দল হয়ে রেকর্ড ভাঙল আরসিবি

আইপিএলে অবিশ্বাস্য পালাবদল! ১৬ হাজার কোটি টাকায় বিক্রি হয়ে গেল আরসিবি। রাজস্থান রয়্যালসের গড়া কয়েক মিনিটের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা নিল আদিত্য বিড়লা গ্রুপ নেতৃত্বাধীন শক্তিশালী কনসোর্টিয়াম। ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের কাছ থেকে ১০০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার এই মেগা চুক্তিতে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
নতুন এই কনসোর্টিয়ামে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন আর্যমান বিক্রম বিড়লা এবং ভাইস-চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সত্যেন গজওয়ানি। কুমার মঙ্গলম বিড়লা এই অধিগ্রহণ নিয়ে গর্ব প্রকাশ করে জানিয়েছেন, আরসিবির মতো আধুনিক স্পোর্টস ব্র্যান্ডের ঐতিহ্যকে তারা আরও উঁচুতে নিয়ে যেতে চান। অন্যদিকে, সত্যেন গজওয়ানি দলটির বিশ্বমানের পরিকাঠামো গড়ার পাশাপাশি বেঙ্গালুরু ও কর্ণাটকের স্থানীয় আবেগ অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, আরসিবির এই বিক্রির ঠিক আগেই রাজস্থান রয়্যালসকে ১.৬৩ বিলিয়ন ডলারে কিনে নিয়েছিল মার্কিন উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। তবে বিড়লাদের এই ১৬ হাজার কোটির বিনিয়োগ আইপিএলকে আন্তর্জাতিক বিনিয়োগের বাজারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল। বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক ফ্র্যাঞ্চাইজির এই রেকর্ড মূল্যে মালিকানা বদল প্রমাণ করে দিল যে আইপিএল এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং শক্তিশালী স্পোর্টস লিগ।