রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভ্রাট, এমবাপের চোট নিয়ে বিতর্ক তুঙ্গে

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপের চোট নিয়ে ক্লাব কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ উঠেছে। গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে এমবাপের বাঁ হাঁটুতে চোট লাগলেও রিয়ালের মেডিক্যাল টিম ভুলবশত তাঁর ডান পা পরীক্ষা করে এবং তাঁকে সম্পূর্ণ ‘ফিট’ ঘোষণা করে। এই ভুল রিপোর্টের ভিত্তিতে বাঁ হাঁটুতে চোট নিয়েই তিনটি ম্যাচ খেলেন তিনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
পরবর্তীতে প্যারিসে সঠিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা ফুটবলার। বাঁ হাঁটুর এমআরআই রিপোর্টে গুরুতর সমস্যা ধরা পড়ায় তাঁকে প্রায় ২০ দিন মাঠের বাইরে থাকতে হয়। বিশ্বকাপের আগে ফ্রান্সের প্রধান অস্ত্রকে নিয়ে এমন উদাসীনতায় ফুটবল মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এদিকে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ক্লাবের প্রাক্তন পুষ্টিবিদ ইতজিয়ার গঞ্জালেস। তাঁর দাবি, রিয়াল মাদ্রিদের বর্তমান মেডিক্যাল টিম চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘চ্যাটজিপিটি’-র সাহায্য নিয়ে খেলোয়াড়দের পথ্য নির্ধারণ করছে। উন্নতমানের ক্লাবে এমন অপেশাদার চিকিৎসা পদ্ধতি এবং রোগ নির্ণয়ে ভুলের কারণে রিয়ালের মেডিক্যাল টিমের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।