রানাঘাট কি হবে ‘নদিয়া দক্ষিণ’? তৃণমূলের নির্বাচনী ইশতেহারে নতুন জেলা গঠনের প্রস্তাব ঘিরে তুঙ্গে চর্চা

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত নির্বাচনী ইশতেহারে রানাঘাটকে পৃথক জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রানাঘাট ও কল্যাণী মহকুমা নিয়ে এই নতুন জেলা গঠনের পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে ইতিপূর্বেই রানাঘাট ও কৃষ্ণনগর নামে দুটি পৃথক পুলিশ জেলা গঠন করা হয়েছে।
নতুন জেলা গঠনের এই প্রস্তাব ঘিরে বর্তমানে নামকরণের বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয়দের একাংশের দাবি, রানাঘাটের বদলে ‘নদিয়া দক্ষিণ’ নামটি ব্যবহার করা হোক। তাঁদের মতে, ‘নদিয়া’ শব্দটি কেবল প্রশাসনিক পরিচয় নয়, বরং শ্রীচৈতন্যদেবের ঐতিহ্য এবং সাংস্কৃতিক আবেগের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই জেলার মূল নাম অক্ষুণ্ণ রাখাই বাঞ্ছনীয়।
প্রশাসনিক ও জনস্বার্থের এই উদ্যোগকে বিজেপি নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করলেও, তৃণমূল নেতৃত্বের দাবি তারা জনআবেগকে গুরুত্ব দিতে বদ্ধপরিকর। রানাঘাট পৃথক জেলা হলে প্রশাসনিক পরিষেবা ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনদাবি মেনে নামকরণে কোনো পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার।