তৃণমূলকে তীব্র আক্রমণ ওয়াইসির, মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে চড়ল রাজনৈতিক পারদ

তৃণমূলকে তীব্র আক্রমণ ওয়াইসির, মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে চড়ল রাজনৈতিক পারদ

পশ্চিমবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি প্রশ্ন তোলেন, ইদের নমাজে দোয়া করে বাংলার পিছিয়ে পড়া মুসলিম সমাজের উন্নয়ন কি সম্ভব হয়েছে? তৃণমূল নেত্রীকে বিঁধে তিনি আরও বলেন, সংখ্যালঘুরা কারও দয়ার ওপর নির্ভরশীল নয়। মমতার সাম্প্রতিক এক মন্তব্যকে ‘অহংকারী’ বলে উল্লেখ করে ওয়াইসি দাবি করেন, বাংলায় মুসলিমদের কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন হয়নি।

এদিন সাংবাদিক বৈঠকে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ওয়াইসি জানান, শিক্ষা ও সরকারি চাকরিতে বাংলার মুসলিমরা প্রতিবেশী রাজ্যগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে। সাচার কমিটির রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি বাম ও তৃণমূল উভয় জমানারই সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তৃণমূলের সংখ্যালঘু নেতারা ক্ষমতাহীন এবং তাঁদের কেবল সাজিয়ে রাখা হয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ খারিজ করে তিনি জানান, তাঁর মূল লক্ষ্য বঞ্চিত শ্রেণির অধিকার প্রতিষ্ঠা করা।

নির্বাচনী রণকৌশল হিসেবে ওয়াইসি স্পষ্ট করেন যে, এবার হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র সঙ্গে জোট বেঁধে লড়বে মিম। ১ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা করার ঘোষণাও দেন তিনি। নওশাদ সিদ্দিকিরা তাঁর সঙ্গে না আসলেও, হুমায়ুনের হাত ধরে বাংলায় নিজেদের জমি শক্ত করতে মরিয়া মিম প্রধান। মূলত কয়েকটি নির্দিষ্ট আসনে লড়ার পাশাপাশি রাজ্যে দীর্ঘমেয়াদী প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর দলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *