চা শ্রমিকদের টাকা দিচ্ছে না মমতা সরকার? লোকসভায় মারাত্মক অভিযোগ নির্মলার

চা শ্রমিকদের টাকা দিচ্ছে না মমতা সরকার? লোকসভায় মারাত্মক অভিযোগ নির্মলার

পশ্চিমবঙ্গের চা বলয়ের রাজনীতির উত্তাপ এবার পৌঁছাল খোদ দেশের সংসদ ভবনে। বুধবার লোকসভায় অর্থ বিল ২০২৬ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে চা শ্রমিকদের বঞ্চনার অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর দাবি, রাজ্যের প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার চা শ্রমিককে প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল সরকার।

তৃণমূল সাংসদদের সরাসরি নিশানা করে অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন গরিব চা শ্রমিকরা ন্যায্য বিচার পেলেন না? তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বরাদ্দ অর্থ প্রস্তুত থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা শ্রমিকদের হাতে পৌঁছাতে দেয়নি। প্রসঙ্গত, ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিল মোদী সরকার, যার মেয়াদ চলতি বাজেটেও বাড়ানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের চা বলয় দখল করতে যখন তৃণমূল ও বিজেপি মরিয়া, ঠিক সেই আবহেই নির্মলা সীতারমণের এই আক্রমণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী দাবি করেন যে ভারত বর্তমানে ‘সংস্কার এক্সপ্রেসে’ সওয়ার হয়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে কৃষক— প্রত্যেকের ক্ষমতায়নে কাজ করছে কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *