রেলটিকিট বাতিলের নিয়মে বড় বদল, ৮ ঘণ্টার কম সময়ে মিলবে না রিফান্ড

রেলটিকিট বাতিলের নিয়মে বড় বদল, ৮ ঘণ্টার কম সময়ে মিলবে না রিফান্ড

ভারতীয় রেলওয়ে টিকিট বাতিল ও রিফান্ড প্রক্রিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার আনতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আধুনিকীকরণ ও পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় আগে নিশ্চিত টিকিট বাতিল করলে কোনো অর্থ ফেরত পাওয়া যাবে না। তবে ই-টিকিট বাতিলের প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা হচ্ছে, যার ফলে রিফান্ডের টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

টিকিট বাতিলের সময়ের ওপর ভিত্তি করে রিফান্ডের পরিমাণেও তারতম্য রাখা হয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ন্যূনতম চার্জ বাদে বাকি অর্থ ফেরত মিলবে। ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করলে ২৫ শতাংশ এবং ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে যেকোনো স্টেশন কাউন্টার থেকে টিকিট বাতিলের সুযোগ থাকছে।

রেল কর্তৃপক্ষ ট্রেনের চার্ট তৈরির সময়সীমায়ও পরিবর্তন আনছে। এখন থেকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার পরিবর্তে ৯ থেকে ১৮ ঘণ্টা আগে চার্ট তৈরি হবে, যা যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বাড়তি সময় দেবে। পাশাপাশি, ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুবিধাও বহাল রাখা হয়েছে। এই সংস্কারের মাধ্যমে শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা কমানো এবং সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব হবে বলে আশা করছে রেলমন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *