আসামে বিজেপিতে বিদ্রোহ: টিকিট না পেয়ে ‘তৃণমূল বিজেপি’ দল গড়ার ঘোষণা জয়ন্ত দাসের

আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন দলের বর্ষীয়ান নেতা জয়ন্ত দাস। দীর্ঘ ৩৫ বছর দলের সঙ্গে যুক্ত থাকার পর, দিশপুর আসনে তাকে বঞ্চিত করে কংগ্রেস থেকে আসা প্রদ্যুত বরদলুইকে প্রার্থী করায় ক্ষুব্ধ তিনি। জয়ন্ত দাসের অভিযোগ, বর্তমান নেতৃত্বে পুরনো কর্মীরা কোণঠাসা এবং দল এখন বহিরাগতদের দখলে চলে গিয়েছে।
এই বঞ্চনার প্রতিবাদে বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মতে, দিশপুরে এখন মূলত দুই প্রাক্তন কংগ্রেসী নেতার লড়াই হচ্ছে, যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার লক্ষ্য। তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের স্বার্থ রক্ষায় তিনি এই কঠিন পথে পা বাড়িয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
নির্বাচনের পরেই ‘তৃণমূল বিজেপি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন এই হেভিওয়েট নেতা। তিনি স্পষ্ট করেছেন যে, এই দলের সঙ্গে বাংলার তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই; বরং বঞ্চিত ও নিষ্ঠাবান বিজেপি কর্মীদের একত্রিত করতেই এই নামকরণ। হিমন্ত বিশ্বশর্মার আমলে কোণঠাসারাও তার এই নতুন শিবিরে যোগ দেবেন বলে তিনি আশাবাদী।