লক্ষ্য ৬০ হাজারি ব্যবধান: বন্দর ছেড়ে এখন ভবানীপুরেই ধ্যানজ্ঞান ফিরহাদ হাকিমের

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ৬০ হাজার পার করাই এখন প্রধান লক্ষ্য শাসকদলের। এই লক্ষ্যমাত্রাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দরের চেয়েও বর্তমানে ভবানীপুরেই বেশি সময় দিচ্ছেন তিনি। বুধবারও চেতলা পিতম্বর ঘটক লেন ও তেওয়ারি পাড়ার অলিগলি চষে বেড়িয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন এই প্রবীণ নেতা।
দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন ফিরহাদ। জনসংযোগের সময় তিনি ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ লেখা লিফলেট বিলি করছেন। প্রচারের ফাঁকে তিনি দাবি করেন, প্রতি ১০ জন ভোটারের মধ্যে অন্তত ৮ জনই মমতার পাশে রয়েছেন। ফিরহাদের মতে, দলনেত্রীর বড় ব্যবধানে জয়ের ওপরই বাংলার সম্মান নির্ভর করছে, তাই একেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
তবে প্রচারের পাশাপাশি ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়া বা ঝুলে থাকার ঘটনায় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি ষড়যন্ত্র করে ভোটার তালিকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। প্রতিকূলতা সত্ত্বেও ভবানীপুরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কলকাতার মেয়র।