ভোটকর্মীদের পকেটে এবার বাড়তি টাকা, একলাফে ভাতা বাড়াল নির্বাচন কমিশন! দেখে নিন কে কত পাচ্ছেন

রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে ভোটকর্মীদের জন্য বিরাট সুখবর শোনাল নির্বাচন কমিশন। দীর্ঘ এক দশক পর প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে গ্রুপ-ডি কর্মী— প্রত্যেকের দৈনিক ভাতা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দায়িত্ব ও পদের ভিত্তিতে এই ভাতার অংক নির্ধারিত হয়েছে।
একনজরে সংশোধিত ভাতার তালিকা
নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের কাজের উৎসাহ বাড়াতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ভাতার পরিবর্তনগুলি নিচে দেওয়া হলো:
- প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: আগে দৈনিক ৩৫০ টাকা পেতেন, এখন থেকে পাবেন ৫০০ টাকা।
- পোলিং অফিসার: দৈনিক ২৫০ টাকার পরিবর্তে এখন বরাদ্দ ৪০০ টাকা।
- কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: দৈনিক ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫০ টাকা।
- গ্রুপ-ডি কর্মী: ২০০ টাকার বদলে এখন থেকে পাবেন ৩৫০ টাকা।
- বিশেষ নজরদারি ও মনিটরিং সেল: ভিডিও নজরদারি, ফ্লাইং স্কোয়াড বা কল সেন্টারের কর্মীদের ভাতা ১,২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
- মাইক্রো অবজার্ভার: দৈনিক ১,০০০ টাকার বদলে এখন পাবেন ২,০০০ টাকা।
কেন্দ্রীয় বাহিনী ও আধিকারিকদের বিশেষ ভাতা
নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ (CAPF) ও গেজেটেড অফিসারদের ভাতাতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ১৫ দিনের কম ডিউটি করলে গেজেটেড অফিসাররা ৪,০০০ টাকা এবং কনস্টেবলরা ২,৫০০ টাকা হারে ভাতা পাবেন। এছাড়া সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের এককালীন ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।
খাবারের খরচেও স্বস্তি
কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ ও গণনার দিন ডিউটিতে থাকা কর্মীদের খাবারের জন্য বরাদ্দ ১৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৫০০ টাকা করা হয়েছে। ২০১৪-২০১৬ সালের পর এই প্রথম এত বড় মাপে কর্মীদের আর্থিক কাঠামোয় বদল আনল কমিশন। মূলত স্বচ্ছ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতেই কর্মীদের এই বাড়তি প্রাপ্তি।