ভোটে জিততে এবার রান্নায় হাত দিলেন তৃণমূল প্রার্থী! ভোটারের হেঁশেলে ঢুকে তাক লাগিয়ে দিলেন আশিস

ভোটে জিততে এবার রান্নায় হাত দিলেন তৃণমূল প্রার্থী! ভোটারের হেঁশেলে ঢুকে তাক লাগিয়ে দিলেন আশিস

মালদহ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই প্রচারের ময়দানে নিত্যনতুন চমক দিচ্ছেন প্রার্থীরা। স্রেফ সভা-সমাবেশ বা দেওয়াল লিখনেই এখন আর সীমাবদ্ধ নেই ভোট চাওয়া। ভোটারদের ড্রয়িংরুম ছাড়িয়ে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন একেবারে হেঁশেল পর্যন্ত। এমনই এক অভিনব ছবি ধরা পড়ল মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার প্রচারের ফাঁকে এক ভোটারের বাড়িতে ঢুকে সটান রান্না শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।

এদিন সকাল থেকেই ইংলিশবাজারের গ্রামাঞ্চলে ঝোড়ো প্রচারে ছিলেন আশিস। জহুরাতলায় পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করার পর যদুপুর ও অমৃতি এলাকায় একের পর এক কর্মিসভা সারেন তিনি। দুপুর গড়াতেই মধ্যাহ্নভোজের ডাক আসে অমৃতির ৩৪ নম্বর বুথের বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়ি থেকে। সেখানে গিয়ে প্রার্থী দেখেন, ভাত-ডাল তৈরি থাকলেও মাছের ঝোল রান্না তখনও বাকি। আর দেরি না করে ধুতি-পাঞ্জাবি সামলে সোজা বসে পড়েন খড়ির উনুনের সামনে।

নিজের হাতেই মাছ ভেজে, পেঁয়াজ-মশলা কষিয়ে তৈরি করেন সুস্বাদু মাছের ঝোল। প্রার্থীর এই ‘মাস্টারশেফ’ রূপ দেখে হতবাক বাড়ির লোকজন থেকে শুরু করে দলের কর্মীরাও। রান্না শেষ করে বাড়ির সদস্যদের সঙ্গে মাটির বারান্দায় বসে কলাপাতায় তৃপ্তি করে মধ্যাহ্নভোজ সারেন তিনি। আশিস কুণ্ডু জানান, ব্যস্ত রাজনৈতিক জীবনে রান্নার শখ মেটানোর সুযোগ পান না, তাই প্রচারের ফাঁকে এই সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি। ভোটারদের সঙ্গে জনসংযোগের এই নতুন কৌশল এখন জেলাজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *