ভোটের আগে আলিপুরদুয়ারে তুলকালাম! জলপাই পোশাক ও জাল পরিচয়পত্রসহ গ্রেফতার ভুয়ো জওয়ান

ভোটের আগে আলিপুরদুয়ারে তুলকালাম! জলপাই পোশাক ও জাল পরিচয়পত্রসহ গ্রেফতার ভুয়ো জওয়ান

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজতেই কড়া নজরদারি শুরু হয়েছে রাজ্যজুড়ে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং। ঠিক এই আবহেই আলিপুরদুয়ারে ধরা পড়ল এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আসাম সীমান্ত সংলগ্ন শোভাগঞ্জ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলাকালীন শুভঙ্কর দেবনাথ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় একটি চারচাকা গাড়িকে কেন্দ্র করে। গাড়িটি থেকে জলপাই পোশাক পরা এক যুবক নামতেই কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে আসল তথ্য। যুবকের কাছে থাকা পরিচয়পত্রটি পরীক্ষা করে দেখা যায় সেটি টেম্পারিং করা বা জাল। প্রাথমিক অনুমান, অন্য কোনও জওয়ানের কার্ড ব্যবহার করে নিজের নাম বসিয়েছিল ওই যুবক। এমনকি তার আধার কার্ডটিও আসল কি না, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট সমস্ত নথি যাচাই করার পর ওই যুবককে গ্রেফতারের নির্দেশ দেন। ভোটের মুখে কেন এই ছদ্মবেশ? ভিনরাজ্য থেকে কেনই বা সে ভুয়ো পরিচয়পত্র নিয়ে বাংলায় ঢুকছিল? এর পেছনে বড় কোনও চক্র বা নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

ভোটের আবহে এই গ্রেফতারি সীমান্ত সুরক্ষায় বাড়তি উদ্বেগ বাড়াল প্রশাসনের। আগামী দিনে ভিনরাজ্য থেকে অস্ত্র বা দুষ্কৃতীদের অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *