বার্ড ফ্লু আতঙ্ক! ২২ হাজার মুরগির মৃত্যু ঘিরে রণক্ষেত্র প্রশাসন

ছত্তিশগড়ের কোনি এলাকায় বার্ড ফ্লুর দাপটে তৈরি হয়েছে চরম উদ্বেগ। একটি সরকারি পোলট্রি ফার্মে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২২ হাজারেরও বেশি মুরগির মৃত্যুতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভোপাল ও পুনের ল্যাবরেটরি থেকে আসা রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে, এই মড়কের নেপথ্যে রয়েছে প্রাণঘাতী ‘অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ বা বার্ড ফ্লু।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে পশুপালন দফতর। যুগ্ম অধিকর্তা ড. জি. এস. তানওয়ার জানিয়েছেন, সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতে ২২,৮০৮টি মুরগির ছানা ও অন্যান্য পাখিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি চাপা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রায় ৮০ কুইন্টাল পোলট্রি খাদ্য ও প্লাস্টিক সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ওই ফার্মের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে, যদিও বর্তমানে কারও শরীরে ভাইরাসের উপস্থিতি মেলেনি।
প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ফার্মের চারপাশের ১ কিলোমিটার এলাকাকে ‘ইনফেক্টেড জোন’ এবং ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে ‘সার্ভেল্যান্স জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নির্দিষ্ট সীমানার মধ্যে পোলট্রিজাত পণ্য, ডিম ও মুরগি পরিবহণ বা বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকাটি পুরোপুরি জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে।