গৌতম গম্ভীরের কড়া অ্যাকশন, ভারতীয় কোচের স্বস্তি মিলল দিল্লি হাইকোর্টে

দিল্লি হাইকোর্টের সুরক্ষা পেলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। দীর্ঘ লড়াইয়ের পর আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গম্ভীরের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি কিংবা গলার স্বর কোনো মাধ্যমেই ব্যবহার করা যাবে না। বিশেষ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আদালত।
সম্প্রতি সমাজমাধ্যমে বেশ কিছু ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে দাবি করা হয় যে গম্ভীর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও সিনিয়রের ক্রিকেটারদের নিয়ে তাঁর নামে একাধিক আপত্তিকর ও অসত্য মন্তব্য প্রচার করা হচ্ছিল। এই ধরণের ভিডিও কয়েক লক্ষ মানুষ দেখার ফলে গম্ভীরের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। অভিযোগ ছিল যে মেটা, গুগল এবং এমনকি অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো সংস্থাও তাঁর ছবি ব্যবহার করে ব্যবসায়িক ফায়দা লুটছে।
বুধবার দিল্লি হাইকোর্ট মেটা, গুগল ও অ্যামাজনকে নির্দেশ দিয়েছে যাতে গম্ভীরের অনুমতি ছাড়া তৈরি করা সমস্ত আপত্তিকর ভিডিও, ছবি এবং ইউআরএল ইন্টারনেট থেকে অবিলম্বে সরিয়ে ফেলা হয়। ব্যক্তিসত্তা সুরক্ষার অধিকার পাওয়ার ফলে এখন থেকে গম্ভীরের পরিচয় ব্যবহার করে কেউ ভুল তথ্য ছড়ালে বা অর্থ উপার্জন করলে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। আদালতের এই রায় বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের সম্মান রক্ষায় এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।