মাঝ সমুদ্রে থেকে আসছে খুশির খবর! রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তা কাটল কোটি গ্রাহকের

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝেও ভারতের জন্য স্বস্তির খবর। আগামী দুই দিনের মধ্যে দেশের পশ্চিম উপকূলে ৯২ হাজার টন এলপিজি নিয়ে পৌঁছাচ্ছে দুটি বিশাল জাহাজ। রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সরকার এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
সরকার স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিদিন তেল ও গ্যাস সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। গত কয়েকদিনে প্রায় ৫৮ লাখ সিলিন্ডার বুকিং হয়েছে, যা দ্রুত সরবরাহের চেষ্টা চলছে। স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও এখনই ঘরোয়া গ্যাসের দাম বাড়ছে না।
তবে আমদানির ওপর নির্ভরতা কমাতে বিকল্প ব্যবস্থার দিকেও হাঁটছে প্রশাসন। যাদের এলাকায় পাইপলাইনের গ্যাস (PNG) সংযোগ রয়েছে, এমন প্রায় ৬০ লাখ গ্রাহককে এলপিজি ছেড়ে পিএনজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাদের কাছে শীঘ্রই রেজিস্টার্ড ডাকের মাধ্যমে আবেদন পাঠানো হবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার।