১৮২ আসনে লড়ছে মিম ও হুমায়ুন জোট, কপালে ভাঁজ তৃণমূলের

কলকাতা: “মুসলিমদের ভোট নিলেও উন্নয়ন করেনি মমতা,” শহর কলকাতায় পা রেখেই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে হুমায়ুন কবীরের দল এজিইউপি-র সঙ্গে জোট বেঁধে রাজ্যে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন তিনি। যা বর্তমান শাসক শিবিরের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাংবাদিক সম্মেলনে ওয়াইসি প্রশ্ন তোলেন, “রাজ্যে সরকারি চাকরি বা শিক্ষায় মুসলিমদের প্রকৃত অংশীদারিত্ব কতটুকু? প্রতীকী রাজনীতি দিয়ে পেট ভরে না।” তাঁর দাবি, তৃণমূলের দুর্বল রাজনীতির সুযোগ নিয়েই বাংলায় বিজেপির উত্থান হয়েছে। প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রসঙ্গ টেনে তিনি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।
মালদা ও মুর্শিদাবাদের আর্সেনিক সমস্যা থেকে শুরু করে মুসলিমদের পিছিয়ে পড়া— সব কিছুর জন্যই তৃণমূলের ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’কে দায়ী করেছেন হায়দরাবাদের এই সাংসদ। হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, এই জোট ভাঙবে না এবং ওয়াইসির নেতৃত্বেই তারা নির্বাচনী ময়দানে নামছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা। তার আগেই মিম-হুমায়ুন জুটির এই সক্রিয়তা বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।