ট্রাম্পের শান্তিপ্রস্তাব কি তবে বিশ বাঁও জলে? মার্কিন পরমাণু রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের মিসাইল হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাবকে বুড়ো আঙুল দেখিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। আমেরিকার অন্যতম শক্তিশালী পরমাণুচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। তেহরানের দাবি অনুযায়ী, মঙ্গলবার উপকূলীয় অঞ্চল থেকে একাধিক ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে এই মার্কিন ‘জলদানব’কে লক্ষ্য করে।
ইরানি নৌবাহিনী আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, মার্কিন রণতরীটি তাদের কড়া নজরদারিতে রয়েছে এবং সীমানা লঙ্ঘন করলেই চরম পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মিসাইল হামলায় রণতরীটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা আদেও তা লক্ষ্যভেদে সক্ষম হয়েছে কি না, সেই বিষয়ে এখনও রহস্য বজায় রেখেছে পেন্টাগন। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ‘ঝড়ের আগের স্তব্ধতা’। মার্কিন রণতরীতে সামান্য আঁচড় লাগলেও ইরানকে যে চরম পরিণতির মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।
এর আগেও একাধিকবার আব্রাহাম লিঙ্কনকে নিশানা করার চেষ্টা করেছিল ইরান। চলতি মাসের শুরুতে ইরানি জাহাজগুলি রণতরীর খুব কাছে চলে এলেও মার্কিন নৌসেনার পালটা মারে পিছু হঠতে বাধ্য হয় তারা। সেই সংঘর্ষে ইরানের দুটি জাহাজ ধ্বংস হয়েছিল বলেও দাবি করা হয়। এখন দেখার, এই টাটকা উস্কানির বদলে পেন্টাগন ইরানে কত বড় প্রত্যাঘাতের ছক কষছে।