শুক্রবারই কি বদলে যাবে বাংলার ভোটের ভাগ্য? কমিশনের মেগা আপডেটে তোলপাড় রাজ্য রাজনীতি

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে নয়া মোড়। আগামী শুক্রবারই প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর দ্বিতীয় অতিরিক্ত তালিকা। প্রথম তালিকায় ২৯ লক্ষের ফয়সালা হলেও এবার সংখ্যাটা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।
হাইকোর্টে বড় আপডেট
কমিশন কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, আদালত সবুজ সংকেত দিলে প্রতিদিন তালিকা আপলোড করতে তারা প্রস্তুত। এখনও পর্যন্ত প্রায় ৩২ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সব নাম এখনও পোর্টালে দেখা যাচ্ছে না।
তৃণমূলের জোড়া অস্বস্তি
ভবানীপুরের রিটার্নিং অফিসার এবং পুলিশ অবজারভার জয়ন্ত কান্তের স্ত্রীকে নিয়ে তৃণমূলের তোলা অভিযোগ কার্যত উড়িয়ে দিল কমিশন। কমিশনের সাফ কথা, সরকারি আধিকারিকরা নির্দিষ্ট কোনও দলের নন। কাজের প্রয়োজনে কমিশন যে কাউকে যেখানে খুশি নিয়োগ করতে পারে। একইভাবে, কোনও আধিকারিকের আত্মীয় রাজনৈতিক যুক্ত থাকলেও তিনি যদি নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি না থাকেন, তবে আইনি কোনও বাধা নেই।
নাম বাদ গেলে ভয় নেই
তালিকায় নাম না থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণ মানুষের সহায়তায় ২৩টি জেলার জন্য ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রত্যেকটি ট্রাইব্যুনালের দায়িত্বে থাকছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি।
আবেদন করবেন কীভাবে?
- অনলাইন: ইসিআই নেট অ্যাপ বা নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট।
- অফলাইন: জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা মহকুমাশাসকের (SDO) দফতর।
রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনালের পরিকাঠামো প্রস্তুত করেছে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক এই পরিকাঠামো খতিয়ে দেখার পরেই পুরোদমে কাজ শুরু হবে।