মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে ভারতের জন্য স্বস্তির খবর, শত্রুর জন্য বন্ধ হলেও বন্ধু দেশগুলোর জন্য খুলছে হরমুজ প্রণালী

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা দিল ইরান। বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকারের আশঙ্কার মাঝে ভারত ও চীনসহ বন্ধু রাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা দিচ্ছে তেহরান।
ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য বন্ধ নয়। এই জলপথ দিয়ে শুধুমাত্র শত্রু দেশ এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকা, ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর ট্যাঙ্কার বা জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না।
অন্যদিকে ভারত, চীন, ইরাক, রাশিয়া ও পাকিস্তানের মতো বন্ধু দেশগুলোর জাহাজ চলাচলের জন্য নিরাপদ করিডোর নিশ্চিত করেছে ইরান। বিশ্ব তেলের বাজারের প্রায় ২০ শতাংশ সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়েই সম্পন্ন হয়। ফলে যুদ্ধের এই কঠিন সময়ে ভারতের মতো দেশগুলোর জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক সিদ্ধান্ত।
বিদেশমন্ত্রী আরাঘচি আরও স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশের সাথেই আলোচনায় বসবে না তেহরান। ওয়াশিংটনের হুমকির তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। তাদের মতে, এই মুহূর্তে আলোচনার প্রস্তাব দেওয়া পরাজয় স্বীকার করার শামিল। বর্তমানে ইরান শুধুমাত্র তাদের প্রতিরোধ নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।