আসামে ইন্ডিয়া জোটে বড়সড় ফাটল, কংগ্রেসকে ছাড়াই লড়ার ঘোষণা জেএমএম-এর

আসাম নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। আসন সমঝোতা নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। ঝাড়খণ্ডের শাসক দল রাজ্যের আদিবাসী অধ্যুষিত ২১টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। মূলত আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সমঝোতা না হওয়ায় এই বিচ্ছেদের পথে হাঁটল দুই পক্ষ।
জেএমএম সূত্রে খবর, তারা অন্তত পাঁচটি আসন দাবি করলেও কংগ্রেস তিনটি আসনের বেশি ছাড়তে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এককভাবে লড়ার সিদ্ধান্ত নেন। কংগ্রেসের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে জেএমএম নেতৃত্বের দাবি, জোট শরিক হিসেবে তারা প্রাপ্য সম্মান পাচ্ছে না। বিহার ও আসামের এই তিক্ততা ঝাড়খণ্ডের স্থানীয় রাজনীতিতেও কংগ্রেস ও জেএমএম-এর সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই কোন্দলের জেরে ইন্ডিয়া জোটের অন্দরে কংগ্রেস ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলো যখন বিভিন্ন রাজ্যে শক্তিশালী হচ্ছে, তখন শরিকদের এই একলা চলার নীতি বিজেপির সুবিধাই করে দিচ্ছে। জেএমএম-এর এই সিদ্ধান্তে আসামে বিরোধী ভোট ভাগ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা পদ্ম শিবিরকে রাজনৈতিকভাবে বাড়তি অক্সিজেন যোগাবে।