লক্ষ্য ৬০ হাজার: বন্দর ছেড়ে ভবানীপুরের প্রচারে ঝড় তুললেন ফিরহাদ হাকিম

লক্ষ্য ৬০ হাজার: বন্দর ছেড়ে ভবানীপুরের প্রচারে ঝড় তুললেন ফিরহাদ হাকিম

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রকে ‘পাখি চোখ’ করে কোমর বেঁধে ময়দানে নেমেছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর ছেড়ে বর্তমানে ভবানীপুরেই বেশি সময় দিচ্ছেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জেতানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য পূরণকেই ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অলিগলিতে প্রচার চালাচ্ছেন ফিরহাদ।

বুধবার চেতলার পিতম্বর ঘটক লেন ও তেওয়ারি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এই দাপুটে নেতা। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ লেখা লিফলেট বিলি করে ভোটারদের সমর্থন চান তিনি। ফিরহাদের দাবি, এই কেন্দ্রের অন্তত ৮০ শতাংশ ভোটার মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন। তাঁর মতে, বাংলার সম্মান ও উন্নয়ন বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় অত্যন্ত জরুরি।

তবে প্রচারের মাঝেই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন ও বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়া বা ঝুলে থাকার ঘটনায় তিনি উষ্মা প্রকাশ করেন। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির চেষ্টার অভিযোগ তুলে তিনি কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জয়ের ব্যবধান বাড়াতে ফিরহাদের এই ‘মাটি কামড়ে’ পড়ে থাকা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *