পঞ্চমবার বাবা হয়েই বড় ঘোষণা কোটিপতি ইউটিউবার আরমানের

ফের শিরোনামে জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। প্রথম স্ত্রী পায়েলের কোল আলো করে এল আরও এক নতুন সদস্য। ৪ সন্তানের পর এবার পঞ্চম সন্তানের বাবা হলেন কোটিপতি এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে খুশির খবরের মাঝেই আরমানের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
নবজাতকের ছবি শেয়ার করে আরমান স্পষ্ট জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি এমন এক বিশাল পরিবার তৈরি করব যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ দেখে অবাক হয়ে বলবে—কী বিশাল পরিবার!” নিজের ‘স্ব্যাগ’ বজায় রেখে তিনি জানান, কোনো সঞ্চয় না থাকলেও এই পরিবারই হবে তার শ্রেষ্ঠ পরিচয়।
দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে আরমানের এই সংসার বরাবরই চর্চার কেন্দ্রে। পায়েলের এটি চতুর্থ সন্তান, অন্যদিকে কৃতিকার রয়েছে এক পুত্র। চণ্ডীগড়ের এই বড় পরিবারে নতুন সদস্যের আগমনে একদিকে যেমন শুভেচ্ছার জোয়ার, অন্যদিকে নেটিজেনদের একাংশ মেতেছেন কটাক্ষে। অনেকেই প্রশ্ন তুলেছেন বহুবিবাহ ও জনসংখ্যা নিয়ে আরমানের এই ‘ইতিহাস গড়া’র মানসিকতা নিয়ে। বিতর্ক বা সমালোচনা যা-ই হোক, আরমান মালিক যে নিজের স্টাইলেই রাজত্ব করতে চান, তা তিনি আবারও প্রমাণ করলেন।