রামনবমীতে কলকাতায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ, ২৬ ঘণ্টা পণ্যবাহী চলাচলে নিষেধাজ্ঞা

রামনবমীতে কলকাতায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ, ২৬ ঘণ্টা পণ্যবাহী চলাচলে নিষেধাজ্ঞা

রামনবমী উদযাপন উপলক্ষে কলকাতার জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। উৎসবের শোভাযাত্রা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য দুই দিনব্যাপী ট্র্যাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে লালবাজার থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৬ মার্চ দুপুর ১২টা থেকে রাত ১২টা এবং ২৭ মার্চ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জনসাধারণের সুবিধার্থে জরুরি পরিষেবাকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। অক্সিজেন, রান্নার গ্যাস, পেট্রোলিয়াম, দুধ, ওষুধ এবং ফল-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ট্র্যাফিক পুলিশ যেকোনো প্রধান বা সংযোগকারী সড়ক থেকে সাধারণ যান চলাচল ডাইভার্ট করতে পারে। শোভাযাত্রার রুটগুলোতে বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য প্রশাসনও এ বছর বাড়তি গুরুত্ব দিচ্ছে। উৎসবের স্পর্শকাতরতা বিবেচনা করে এবং নির্বাচনকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা ও শহর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *