আইপিএল এখন বিনিয়োগের ‘সোনার খনি’, রাজস্থান রয়্যালস বিক্রি করে ২৩৩৩% আকাশছোঁয়া মুনাফা

বিশ্ব ক্রিকেটের আঙিনায় আইপিএল এখন কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং বিনিয়োগের এক অনন্য ‘মানি মেশিন’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ফ্র্যাঞ্চাইজি দুটির মালিকানা হস্তান্তরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ক্রীড়া ও বাণিজ্যিক মহলে। দুই দল মিলিয়ে মোট ৩.৪১ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, যা ২০০৮ সালের আটটি প্রতিষ্ঠাতা দলের সম্মিলিত মূল্যের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।
মনোজ বাদালের নেতৃত্বাধীন ‘ইমার্জিং মিডিয়া’ কনসোর্টিয়াম ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনেছিল। এখন তা ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি করে তারা অবিশ্বাস্য ২৩৩৩ শতাংশ মুনাফা অর্জন করেছে। অন্যদিকে, আরসিবি-র নতুন মালিকানা হস্তান্তরিত হয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে। রাজস্থানের নতুন মালিকানায় রয়েছেন ওয়ালমার্ট উত্তরাধিকারী রব ওয়ালটন ও মার্কিন উদ্যোক্তা কাল সোমানি। আরসিবি-র অংশীদার হয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ এবং আমেরিকার ‘বোল্ট ভেঞ্চারস’ ও ‘ব্ল্যাকস্টোন’।
বিশেষজ্ঞদের মতে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং আমেরিকায় বসবাসকারী বিশাল ভারতীয় জনগোষ্ঠীর কারণেই আইপিএলে আমেরিকান বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ বাড়ছে। এনএফএল বা এনবিএ-র তুলনায় আইপিএল দলগুলোর বর্তমান মূল্য কম হলেও লাভের সম্ভাবনা প্রচুর। ভারতীয় শিল্পপতিদের কাছে আইপিএল দল মালিকানা যেমন সামাজিক মর্যাদার বিষয়, তেমনি বিদেশি বিনিয়োগকারীদের কাছে এটি স্বল্প সময়ে বিশাল মুনাফা লাভের একটি নিশ্চিত ‘এক্সিট স্ট্র্যাটেজি’ হিসেবে গণ্য হচ্ছে।