ফ্যাটি লিভার সারাতে আশার আলো: ভিটামিন বি-৩ হতে পারে অব্যর্থ ওষুধ

ফ্যাটি লিভার বর্তমানে একটি নীরব ঘাতক হিসেবে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের শরীরে বাসা বাঁধছে। মদ্যপান বা অনিয়মিত জীবনযাপনের কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমে প্রদাহ, ফাইব্রোসিস এমনকি সিরোসিসের মতো মারাত্মক সমস্যা তৈরি হয়। তবে সম্প্রতি ‘মেটাবলিজম’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে যে, অত্যন্ত সাধারণ ও সাশ্রয়ী ভিটামিন বি-৩ বা নিয়াসিন এই রোগের ক্ষতিকারক প্রভাব রুখে দিতে সক্ষম।
গবেষণায় দেখা গেছে, শরীরে ‘miR-93’ নামক একটি বিশেষ অণু বৃদ্ধি পেলে লিভারে চর্বি জমতে শুরু করে এবং লিভার পরিষ্কার রাখার সহায়ক ‘SIRT1’ জিনকে নিষ্ক্রিয় করে দেয়। বিজ্ঞানীরা প্রায় ১৫০ ধরনের ওষুধ পরীক্ষা করে দেখেছেন যে, ভিটামিন বি-৩ এই ক্ষতিকর অণুর মাত্রা কমিয়ে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারে। প্রাণীদের ওপর পরীক্ষায় এর ইতিবাচক ফলাফল মিলেছে, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করে।
বিশ্বের প্রায় ৩০ শতাংশ মানুষ বর্তমানে ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও এর নির্দিষ্ট চিকিৎসার সুযোগ সীমিত। ভিটামিন বি-৩ যেহেতু আগে থেকেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত এবং এফডিএ (FDA) অনুমোদিত, তাই লিভারের রোগীদের ক্ষেত্রে এটি দ্রুত ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ একটি ভিটামিন দিয়ে এই জটিল রোগ নিয়ন্ত্রণ বা পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হলে তা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।