বিজেপিকে ‘কৌরব’ আক্রমণ মমতার: পান্ডবেশ্বরে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার

বিজেপিকে ‘কৌরব’ আক্রমণ মমতার: পান্ডবেশ্বরে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার

পশ্চিম বর্ধমানের লাউদোহায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনকে ‘ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই’ হিসেবে অভিহিত করে তিনি বিজেপিকে ‘কৌরব’ এবং তৃণমূলকে ‘পাণ্ডব’ বলে তুলনা করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণকে পাণ্ডবদের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের মাঝে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং কন্যাশ্রীর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আজীবন চলবে। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এনআরসি বা ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে আশ্বাস দিয়ে তিনি বলেন, তৃণমূল সরকার থাকতে রাজ্যে কাউকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

রামনবমীর আবহে ধর্মীয় সম্প্রীতি ও মিলনের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে কোনো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ জানান। তিনি দাবি করেন, রাজ্যে বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বৃদ্ধিই তাঁদের লক্ষ্য। দেউচা পাচামি প্রকল্পের মাধ্যমে প্রায় এক লক্ষ চাকরির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, চক্রান্তের রাজনীতি পরাজিত করে বাংলা আবারও জয়ী হবে। পরিশেষে, ভোটারদের অর্থের প্রলোভনে পা না দিয়ে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ডাক দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *