ইডেনে শেষবারের মতো রোহিত-বিরাট ম্যাজিক? জিম্বাবোয়ে সিরিজের সূচি ঘিরে ফুটছে কলকাতা

বিশ্বকাপের আগে ইডেনের নন্দনকাননে নামছেন কোহলি-রোহিতরা। ২০২৭ সালের ৩ জানুয়ারি শীতের দুপুরে ভারত-জিম্বাবোয়ে দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে নতুন মরসুম। কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা দুই মহাতারকাকে হয়তো শেষবার ঘরের মাঠে ওডিআই খেলতে দেখার সুযোগ পাবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআই-এর ঘোষিত সূচি অনুযায়ী, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটি হবে কলকাতায়। এরপর ৬ জানুয়ারি হায়দরাবাদ এবং ৯ জানুয়ারি মুম্বইয়ে মুখোমুখি হবে দুই দল।
আগামী ওডিআই বিশ্বকাপ পর্যন্ত বিরাট ও রোহিত অন্তত ১৮টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পাশাপাশি ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরেও ব্যস্ত থাকবে ভারতীয় দল। ইডেনে রবিবার ছুটির মেজাজে দুপুর দুটো থেকে শুরু হওয়া এই ম্যাচটি কিংবদন্তি জুটির বিদায়ী মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারে।