জ্বালানি মজুত নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, অভয় দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। সরকার জানিয়েছে, দেশে পেট্রল, ডিজেল ও এলপিজি-র কোনো ঘাটতি নেই। বর্তমানে দেশে আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি মজুত রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, তেল বিপণন সংস্থাগুলো আগাম আমদানির চুক্তি সেরে রেখেছে। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ থাকলেও বিকল্প হিসেবে বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে তেল সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ভারতের মোট ৭৪ দিনের মজুত ক্ষমতার মধ্যে বর্তমানে ৬০ দিনের স্টক মজুত আছে, যার মধ্যে ভূগর্ভস্থ কৌশলগত রিজার্ভও অন্তর্ভুক্ত।
দেশের রিফাইনারিগুলো বর্তমানে ১০০ শতাংশ সক্ষমতায় কাজ করছে এবং এলপিজি সিলিন্ডার সরবরাহ স্থিতিশীল রয়েছে। আমেরিকা, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে এলপিজি আমদানি প্রক্রিয়াও অব্যাহত। কেন্দ্র স্পষ্ট করেছে যে, পাইপড ন্যাচরাল গ্যাসের (PNG) প্রসার কোনো ঘাটতির কারণে নয়, বরং পরিবেশবান্ধব শক্তির প্রচারের জন্য করা হচ্ছে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সরকার।