ভারতসহ ৫ বন্ধু দেশকে বিশেষ ছাড় দিল ইরান

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের উদ্বেগের মাঝেই বড় ঘোষণা করল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোর্মুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ভারতসহ পাঁচটি বন্ধু রাষ্ট্রকে বিশেষ অনুমতি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, ভারত ছাড়াও চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান এই সুবিধা পাবে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি সরবরাহ হয় এই সরু সামুদ্রিক পথ দিয়ে। ইরান এই পথ অবরুদ্ধ করায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছিল। আরাগচি স্পষ্ট করেছেন যে, বর্তমানে যুদ্ধের পরিস্থিতির কারণে শত্রু দেশ বা তাদের সহযোগীদের কোনো জাহাজ এই পথে প্রবেশের অনুমতি পাবে না। তবে ভারতের মতো বন্ধু দেশগুলোর জন্য এই পথ খোলা রাখা হয়েছে।
জ্বালানি ও সার আমদানির ক্ষেত্রে ভারতের কাছে হোর্মুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অচলাবস্থা কাটানোর জন্য গত কয়েক সপ্তাহ ধরে ভারত সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, জলপথটি সম্পূর্ণ খুলে না দিলে ইরানকে এর চড়া মাশুল গুনতে হবে।