পেট্রোল-ডিজেলের আকাল নিয়ে তুমুল গুজব, চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

জম্মু-কাশ্মীরে জ্বালানি সংকট ও লকডাউন নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে সাধারণ মানুষকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তাই অযথা আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পে ভিড় করার প্রয়োজন নেই।
মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন যে, মানুষ সরকারি তথ্যের চেয়ে গুজবে বেশি বিশ্বাস করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে প্রয়োজনে সাময়িকভাবে পেট্রোল পাম্প বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা অনলাইন বৈঠকেও অংশ নেবেন তিনি।
এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতের কাছে প্রায় ৬০ দিনের জ্বালানি মজুত রয়েছে। দেশজুড়ে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম পরিশোধক দেশ হিসেবে ১৫০টিরও বেশি রাষ্ট্রে জ্বালানি রপ্তানি করে। তাই অভ্যন্তরীণ বাজারে সংকটের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছে সরকার।