গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে গ্রেপ্তার ২, অধরা মূল অভিযুক্ত

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মনোজ প্রসাদ জয়সওয়াল এবং গাড়িচালক বিশ্বজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত তথা শহর তৃণমূলের এসসি/ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এখনও পলাতক।
বৃহস্পতিবার মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার এক সাংবাদিক সম্মেলনে জানান, আক্রান্ত শিবা চৌধুরীর সঙ্গে বাবু চৌধুরীর দীর্ঘদিনের ব্যবসায়িক শত্রুতা ছিল। সেই আক্রোশ থেকেই গত মঙ্গলবার গভীর রাতে এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বর্তমানে আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানা সংলগ্ন এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে মূল পাণ্ডা বাবু চৌধুরীর খোঁজে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দোষী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।