বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে ভারতের কনিষ্ঠতম সদস্য বাংলার সিন্ড্রেলা

বয়স মাত্র ১৬ হলেও প্রতিভার জোরে বিশ্ব টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বাংলার সিন্ড্রেলা দাস। আগামী এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তিনি দলের কনিষ্ঠতম সদস্য। বর্তমানে দেশের দুই নম্বর এবং বিশ্বের ১৫২ নম্বর এই প্যাডলার মনিকা বাত্রা ও শ্রীজা আকুলার মতো প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন।
সৌম্যজিত রায় ও পৌলমী ঘটকের এই ছাত্রী তিউনিশিয়া ও চেন্নাইয়ের আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য দেখিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। লন্ডনের মূল মঞ্চে নামার আগে সিন্ড্রেলা বেঙ্গালুরু এবং শেফিল্ডের প্রস্তুতি শিবিরে অংশ নেবেন। টুর্নামেন্টে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইউক্রেন, উগান্ডা ও রুয়ান্ডা।
অভিজ্ঞদের থেকে শিক্ষা নিয়ে দেশের জার্সিতে সেরাটা দিতে মুখিয়ে আছেন এই বঙ্গ তনয়া। সিন্ড্রেলার মতে, সিনিয়র পর্যায়ে সুযোগ পাওয়া তাঁর কাছে বড় প্রাপ্তি। চাপের বদলে ম্যাচ জেতার লক্ষ্যেই তিনি বেশি মনোযোগী। পুরুষ দলে মানব ঠক্কর ও জি সাথিয়ানদের পাশাপাশি কোচ হিসেবে থাকছেন বাংলার সৌরভ চক্রবর্তী ও সোমনাথ ঘোষ।