কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিয়ে দুর্নীতির অভিযোগ তৃণমূলের: তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

নির্বাচন কমিশন নিযুক্ত চার পর্যবেক্ষকের নিরপেক্ষতা ও সততা নিয়ে জোরালো প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সায়নী ঘোষ ও ব্রাত্য বসু অভিযোগ করেন, বনগাঁ দক্ষিণ, গাজোল, বালিগঞ্জ ও মধ্যমগ্রামের জন্য মনোনীত পর্যবেক্ষকরা হয় বিজেপি-ঘনিষ্ঠ, না হয় বিভিন্ন দুর্নীতি ও ফৌজদারি মামলায় অভিযুক্ত। শাসকদলের দাবি, অতীতে জমি কেলেঙ্কারি, টেন্ডার দুর্নীতি এবং পণের মামলায় নাম জড়ানো ব্যক্তিদের বেছে বেছে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।
তৃণমূলের অভিযোগ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের আমলাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কমিশন। বিশেষ করে ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে পর্যবেক্ষক করায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রীয় মন্ত্রীদের অঙ্গুলিহেলনেই এই ‘পক্ষপাতদুষ্ট’ নিয়োগ প্রক্রিয়া চলছে। শাসকদল মনে করছে, নিরপেক্ষ নির্বাচন করার বদলে কমিশন এখন বিজেপির ‘নিয়োগকারী সংস্থা’ হিসেবে কাজ করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
এই তথ্য ফাঁসের মাধ্যমে তৃণমূল বিজেপি ও নির্বাচন কমিশনের ‘আঁতাঁত’ তত্ত্বকে পুনরায় উসকে দিয়েছে। সমাজমাধ্যমে সরব হয়ে তারা কমিশনকে ‘ভ্যানিশ কমিশন’ বলে কটাক্ষ করেছে। তৃণমূলের মতে, কলঙ্কিত আমলাদের দিয়ে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো আসাম্ভব। এই অভিযোগের মাধ্যমে ভোটের মুখে কমিশনকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল রাজ্যের শাসকদল, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।