সতর্কতা: প্রোটিন সাপ্লিমেন্টে বিষাক্ত ভারী ধাতু, কেনার আগে যাচাই জরুরি

সতর্কতা: প্রোটিন সাপ্লিমেন্টে বিষাক্ত ভারী ধাতু, কেনার আগে যাচাই জরুরি

সাম্প্রতিক এক গবেষণায় বাজারের জনপ্রিয় ২৩টি ব্র্যান্ডের প্রোটিন পাউডারে সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এই উপাদানগুলো লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। শরীরচর্চা বা ডায়েটের প্রয়োজনে প্রোটিন শেক খাওয়ার আগে উপাদানের তালিকায় ক্ষতিকর কেমিক্যাল বা অতিরিক্ত কৃত্রিম শর্করা আছে কি না, তা দেখে নেওয়া এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রোটিন পাউডার কেনার সময় তার উৎসের দিকে নজর দেওয়া উচিত। উদ্ভিদজাত উৎস যেমন মটরশুঁটি বা দানাশস্য থেকে তৈরি পাউডার শরীরের জন্য তুলনামূলক নিরাপদ এবং এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। একটি মানসম্মত সাপ্লিমেন্টে প্রতি স্কুপে অন্তত ৬০ থেকে ৮০ শতাংশ প্রোটিন থাকা প্রয়োজন; এর কম থাকলে বুঝতে হবে এতে অপ্রয়োজনীয় ‘ফিলার’ মেশানো হয়েছে।

অযথা সাপ্লিমেন্ট নির্ভর না হয়ে মাছ, মাংস, ডিম বা ডালের মতো প্রাকৃতিক খাবার থেকে প্রোটিনের চাহিদা মেটানোই শ্রেয়। স্বাদ বাড়াতে মেশানো অতিরিক্ত চিনি ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। তাই সস্তার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে ল্যাবে পরীক্ষিত এবং শংসাপত্রপ্রাপ্ত নির্ভরযোগ্য ব্র্যান্ড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আপনার সামান্য অসতর্কতা স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *