ভবানীপুরে রিটার্নিং অফিসার বদলের তোড়জোড়: নবান্নের কাছে প্যানেল চাইল নির্বাচন কমিশন

ভবানীপুরে রিটার্নিং অফিসার বদলের তোড়জোড়: নবান্নের কাছে প্যানেল চাইল নির্বাচন কমিশন

হাই-ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির মুখে দ্রুত রদবদলের পথে হাঁটল নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর, নবান্নের কাছে ওই পদের জন্য নতুন তিন জন যোগ্য আধিকারিকের নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছে। কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার বিকেলের মধ্যে এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বর্তমান ওই আধিকারিক অতীতে নন্দীগ্রামের বিডিও থাকাকালীন বিরোধী দলনেতার ‘ঘনিষ্ঠ’ হিসেবে কাজ করেছেন। গত ২৪ মার্চ কমিশনকে চিঠি দিয়ে শাসকদল দাবি করেছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (১৫৯) ওই আধিকারিককে সরিয়ে নিরপেক্ষ কাউকে নিয়োগ করা হোক। এই অভিযোগ খতিয়ে দেখার পরেই রাজ্যের মুখ্যসচিবকে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দেয় কমিশন।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সরাসরি লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা অফিসারের বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন থেকে তিন জনের নামের তালিকা জমা পড়লেই কমিশন তাঁদের মধ্যে থেকে একজনকে ভবানীপুরের নতুন রিটার্নিং অফিসার হিসেবে চূড়ান্ত নিয়োগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *