রিউগু গ্রহাণুতে ডিএনএ-র উপাদানের হদিস, মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত

রিউগু গ্রহাণুতে ডিএনএ-র উপাদানের হদিস, মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত

পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু ‘রিউগু’ থেকে সংগৃহীত মাটির নমুনায় ডিএনএ এবং আরএনএ-র সমস্ত মৌলিক যৌগিক উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। জাজল মহাকাশযান ‘হায়াবুসা-২’ ২০২০ সালে এই গ্রহাণু থেকে ৫.৪ গ্রাম মাটি পৃথিবীতে নিয়ে আসে। অতিসাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ওই নমুনায় অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের মতো গুরুত্বপূর্ণ জৈব যৌগের অস্তিত্ব রয়েছে, যা প্রাণের ভিত্তি হিসেবে পরিচিত।

জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ইয়াসুহিরো ওবা এবং তাঁর দল এই চাঞ্চল্যকর তথ্যটি ‘নেচার অ্যাস্ট্রোনমি’ জার্নালে প্রকাশ করেছেন। এর আগে রিউগুতে আরএনএ-র উপাদান ‘ইউরাসিল’ পাওয়া গিয়েছিল। তবে এবারের আবিষ্কারে ডিএনএ-র চারটি উপাদানেরই সন্ধান মেলায় সৌরজগতের অন্যত্র প্রাণের উপাদানের বিস্তার সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন। উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হওয়া এই অভিযানে মহাকাশযানটি প্রায় তিন কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল।

এই আবিষ্কার পৃথিবীতে প্রাণের উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক তত্ত্বকে আরও জোরালো করল। মহাকাশবিজ্ঞানীদের একাংশ মনে করেন, কোটি কোটি বছর আগে গ্রহাণু বা উল্কাপাতের মাধ্যমেই মহাবিশ্বের অন্য প্রান্ত থেকে প্রাণের এই মৌলিক উপাদানগুলো পৃথিবীতে এসেছিল। রিউগু এবং ইতিপূর্বে ‘বেন্নু’ গ্রহাণুর নমুনা বিশ্লেষণ করে প্রাপ্ত এই তথ্যগুলো প্রমাণ করে যে, প্রাণের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পরিকাঠামো মহাকাশে আগে থেকেই বিদ্যমান ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *