আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: ইডেনে কেকেআরের সাত ম্যাচ, নেই উদ্বোধনী অনুষ্ঠান

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বৃহস্পতিবার আইপিএল ২০২৬-এর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে। এর আগে মাত্র ২০টি ম্যাচের নির্ঘণ্ট জানানো হলেও, এবার ৭০টি ম্যাচের পূর্ণ তালিকা সামনে এল। আগামী ২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। তবে বোর্ড আগেই নিশ্চিত করেছে যে, এবার কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইডেন গার্ডেন্সে কেকেআর মোট সাতটি ম্যাচ খেলবে। ঘরের মাঠে তাদের প্রথম তিনটি ম্যাচ ২, ৬ এবং ৯ এপ্রিল যথাক্রমে হায়দরাবাদ, পাঞ্জাব ও লখনউয়ের বিরুদ্ধে। এরপর বিধানসভা নির্বাচনের কারণে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ইডেনে কোনো খেলা রাখা হয়নি। বিরতির পর ১৬ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে ফিরবেন অজিঙ্ক রাহানেরা। ২০ ও ২৪ মে মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে কলকাতা।
এবারের আইপিএল দেশের মোট ১৩টি শহরে আয়োজিত হবে। মোট ১২ দিন ‘ডাবল হেডার’ বা দিনে দুটি করে ম্যাচ রাখা হয়েছে। কেকেআরের ১৪টি ম্যাচের মধ্যে ১২টি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে এবং বাকি দুটি ম্যাচ হবে দুপুর ৩:৩০ মিনিটে। সূচি অনুযায়ী আরসিবি, রাজস্থান ও পাঞ্জাব কিংস একাধিক মাঠে তাদের হোম ম্যাচ খেললেও, কেকেআরসহ বাকি সাতটি দল একটি নির্দিষ্ট মাঠকেই নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আইপিএলের নক-আউট পর্বের সূচি জানানো হতে পারে।