কেরলে বিজেপির সঙ্গে গোপন আঁতাত! কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সিপিএম

কেরলে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সিপিএম পলিটব্যুরো। বৃহস্পতিবার এক কড়া বিবৃতিতে কংগ্রেসের বিরুদ্ধে জোট ধর্ম লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। সিপিএমের দাবি, কেরলের মতো বিজেপি বিরোধী রাজ্যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করানোর জন্য ইডি ও সিবিআইকে উসকানি দিচ্ছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেরা। এই অবস্থান আদতে বিজেপির হাত শক্ত করছে বলে মনে করছে বাম নেতৃত্ব।
সিপিএম স্পষ্ট জানিয়েছে, তারা বরাবরই বিরোধীদের ওপর কেন্দ্রীয় সংস্থার হানার বিরোধিতা করে এসেছে। অথচ কংগ্রেস নেতৃত্ব কেরলে ঠিক উল্টো পথে হাঁটছে। কেন বিভিন্ন রাজ্যে কংগ্রেস কর্মীরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়ে রাহুল গান্ধীদের আত্মসমীক্ষা করার পরামর্শ দিয়েছে পলিটব্যুরো। জোটের ন্যূনতম সৌজন্য বজায় না রাখায় কংগ্রেসের আন্তরিকতা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
নির্বাচনী আবহে দুই শরিকের এই সংঘাত বিরোধী শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। বাংলার পর কেরলেও কংগ্রেস ও সিপিএমের তিক্ততা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, জাতীয় স্তরে জোট থাকলেও কেরলের মাটিতে একে অপরের প্রধান প্রতিপক্ষ হওয়ায় এই বিবাদ অনিবার্য ছিল। কংগ্রেসের এই ভূমিকার ফলে ‘ইন্ডিয়া’ ব্লকের ঐক্য ও স্থায়িত্ব এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।