পকেটে টান পড়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যের, যুদ্ধের প্রভাবে ওষুধের দাম আকাশছোঁয়া হতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভারতের স্বাস্থ্য পরিষেবা সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেলের পাশাপাশি ওষুধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের আমদানি থমকে যাওয়ায় দেশীয় বাজারে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। হিমাচল ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আগামী ১৫ দিনের মধ্যে কাঁচামালের খরচ ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ওষুধ প্যারাসিটামলের দামও এই সংকটের বাইরে নয়। বর্তমানে কেজি প্রতি ২৫০ টাকার কাঁচামাল একলাফে ৪৫০ টাকায় পৌঁছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ওষুধ নির্মাতারা সতর্ক করেছেন যে, উৎপাদন খরচ এভাবে বাড়তে থাকলে বর্তমান মূল্যে জীবনদায়ী ওষুধ সরবরাহ বজায় রাখা আসাম্ভব হয়ে পড়বে। ফলে সাধারণ মধ্যবিত্তের চিকিৎসার খরচ রাতারাতি কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা জনমানসে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করছে।