রক্তে শর্করার লাগাম কি এবার মস্তিষ্কের হাতে, মেটফরমিনের নতুন দিগন্ত

টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ মেটফরমিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন গবেষকরা। এতদিন ধারণা করা হতো এই ওষুধটি মূলত লিভার ও অন্ত্রে গ্লুকোজ উৎপাদন কমিয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। তবে বেইলর কলেজ অফ মেডিসিনের সাম্প্রতিক গবেষণা বলছে, মেটফরমিন সরাসরি মস্তিষ্কের নির্দিষ্ট অংশে প্রভাব ফেলে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণ প্রক্রিয়া পরিচালনা করে। বিশেষ করে মস্তিষ্কের Rap1 প্রোটিনের কার্যকারিতা কমিয়ে এবং নির্দিষ্ট নিউরন সক্রিয় করে এটি কাজ করে।
গবেষণায় দেখা গেছে যে শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মস্তিষ্ক অত্যন্ত সামান্য মাত্রার মেটফরমিনেই দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে এবং ভবিষ্যতের ওষুধ তৈরিতে মস্তিষ্কের এই সংবেদনশীলতাকে কাজে লাগানোর পথ প্রশস্ত করছে। এছাড়া মেটফরমিনের বার্ধক্য রোধ এবং ডিএনএ-র ক্ষয় কমানোর সম্ভাব্য ক্ষমতা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের এই মোড় ঘোরানো তথ্যটি আগামী দিনে ডায়াবেটিস ব্যবস্থাপনাকে আরও নিখুঁত ও কার্যকর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।