প্যান কার্ডের নিয়মে বড় বদল: ১ এপ্রিল থেকে আধার ছাড়াও লাগবে অতিরিক্ত নথি

আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড (PAN) তৈরির নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আয়কর বিভাগের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র আধার কার্ড থাকলেই প্যান কার্ড পাওয়া যাবে না। আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত এই পরিচয়পত্রটির আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকার আরও কড়াকড়ি নিয়ম কার্যকর করতে যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনের সময় আধারের পাশাপাশি জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, দশম শ্রেণির মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামার মতো নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। এছাড়া আধার কার্ডে আবেদনকারীর নাম যেভাবে নথিভুক্ত রয়েছে, প্যান কার্ডেও ঠিক সেই নামই ব্যবহার করতে হবে। নামের বানানে কোনো অমিল থাকলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না।
বিশেষজ্ঞদের মতে, পরিচয়পত্রের তথ্যে ভুলভ্রান্তি এড়াতে এবং জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই প্যান কার্ডের জন্য আবেদনের আগে আধার কার্ডের তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আরও কিছু নতুন নিয়ম আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে, যা সাধারণ গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।