পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা: ইরানে ১০,০০০ অতিরিক্ত সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় আরও ১০,০০০ সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে এই নতুন বাহিনীতে পদাতিক সেনার পাশাপাশি শক্তিশালী সাঁজোয়া গাড়িও অন্তর্ভুক্ত থাকতে পারে। বর্তমানে ওই অঞ্চলে আমেরিকার ৮২তম এয়ারবোর্ন ডিভিশন মোতায়েন রয়েছে, যারা মূলত কৌশলগত গুরুত্বপূর্ণ খর্গ দ্বীপকে নিশানা করছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি জানিয়েছেন, সামরিক বিকল্পের সব পথই খোলা রাখা হয়েছে। তবে অতিরিক্ত এই সেনাদলকে ঠিক কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে এবং উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনে অনড় অবস্থানে রয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) মিসাইল ও ড্রোন সহযোগে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর নতুন পর্যায় শুরু করেছে। এরই মধ্যে ইরান রাষ্ট্রসংঘে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিযোগ করেছে যে, তাদের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে আমেরিকা ও ইজরায়েল। রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সঈদ ইরাভানি এই চক্রান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ দাবি করেছেন।