অধিনায়ক পন্থের ওপরই ভরসা লখনউয়ের, জল্পনায় জল ঢাললেন সঞ্জীব গোয়েঙ্কা

গত আইপিএলে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেও ব্যাট হাতে ঋষভ পন্থের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গোটা টুর্নামেন্টে মাত্র ২৬৯ রান করায় তাঁর অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট মহলে তীব্র জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলে জায়গা হারানোর পর আসন্ন মরশুমটি পন্থের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
অধিনায়ক বদলের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে নীরবতা ভেঙেছেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানান, পন্থের নেতৃত্ব ও প্রতিশ্রুতির ওপর ফ্র্যাঞ্চাইজির পূর্ণ আস্থা রয়েছে। গোয়েঙ্কা উল্লেখ করেন যে, গত মরশুমের ব্যর্থতা সত্ত্বেও পন্থের চরিত্র ও সামর্থ্য নিয়ে তাঁর কোনো সংশয় নেই। দলের ভারসাম্য রক্ষায় পন্থকে তিন নম্বরে খেলানোর পরিকল্পনাও রয়েছে ম্যানেজমেন্টের।
আসন্ন আইপিএলে নিজের হারানো ফর্ম ফিরে পেতে মুখিয়ে আছেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে প্রত্যাবর্তন নিশ্চিত করতে পন্থের ব্যক্তিগত নৈপুণ্য এখন সময়ের দাবি। লখনউ মালিকের এই প্রকাশ্য সমর্থন পন্থের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, ২২ গজে ব্যাট হাতে পন্থ সমালোচকদের যোগ্য জবাব দিতে পারেন কি না।