নেপালের কুর্সিতে জনপ্রিয় র‍্যাপার বলেন্দ্র শাহ, সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে মোদীর অভিনন্দন

নেপালের কুর্সিতে জনপ্রিয় র‍্যাপার বলেন্দ্র শাহ, সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে মোদীর অভিনন্দন

প্রতিবেশী রাষ্ট্র নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৫ বছর বয়সি বলেন্দ্র শাহ। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাঁকে শপথ পাঠ করান। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় এই র‍্যাপার নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে সাড়ম্বরে নতুন সরকারের সূচনা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই জয় নেপালের জনগণের আস্থার প্রতিফলন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের পারস্পরিক কল্যাণে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার আশাপ্রকাশ করেছেন মোদী। এর আগে জেন-জি আন্দোলনের জেরে ওলি সরকারের পতনের পর দেশটিতে অন্তর্বর্তী শাসন জারি ছিল।

গত ৫ মার্চের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছিল। তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতার হাত ধরে নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *