৩২ হাজার কোটিতে বিক্রি আরসিবি ও রাজস্থান রয়্যালস, বিসিসিআইয়ের পকেটে ঢুকছে মোটা অঙ্কের অর্থ

আইপিএলের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালস রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১৬,৮৯০ কোটি টাকায় আরসিবি-র মালিকানা পেয়েছে। অন্যদিকে, কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১৫,৩০০ কোটি টাকায় রাজস্থান রয়্যালসকে কিনে নিয়েছে। সব মিলিয়ে এই দুই দলের হাতবদলে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা।
এই মেগা ডিল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বড় অঙ্কের মুনাফা অর্জন করতে চলেছে। ফ্র্যাঞ্চাইজি হস্তান্তরের নিয়ম অনুযায়ী, প্রতিটি ট্রান্সফার ফি থেকে বিসিসিআই ৫ শতাংশ হারে অর্থ পায়। সেই হিসেবে আরসিবি-র বিক্রিত অর্থ থেকে প্রায় ১৫৮৩ কোটি টাকা এবং রাজস্থান রয়্যালস থেকে প্রায় ১৫৫০ কোটি টাকা বোর্ডের তহবিলে জমা হওয়ার কথা। আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই বোর্ডের এই বিশেষ চুক্তি রয়েছে।
তবে বিসিসিআইয়ের মোট আয়ের সঠিক অঙ্ক এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। কারণ, রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে আরও তিনটি ‘সিস্টার ফ্র্যাঞ্চাইজি’ রয়েছে, যা এই চুক্তির অন্তর্ভুক্ত। কুমার মঙ্গলম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া এবং মার্কিন বিনিয়োগকারী সংস্থাগুলোর এই বিপুল বিনিয়োগ আইপিএলের আকাশছোঁয়া ব্র্যান্ড ভ্যালুকেই পুনরায় প্রমাণ করল।