হরমুজ় প্রণালীতে শত্রুপক্ষকে রোখা ইরানের ‘বৈধ’ অধিকার, রাষ্ট্রপুঞ্জে সরব তেহরান

হরমুজ় প্রণালীতে শত্রু দেশের জাহাজ চলাচল রুখে দেওয়া ইরানের আইনগত অধিকার বলে দাবি করেছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি জানান, উপকূলীয় রাষ্ট্র হিসেবে এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান বদ্ধপরিকর। বিশেষ করে আমেরিকা ও ইজ়রায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি দুই দেশের বিরুদ্ধেই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ অভিযানের জেরে হরমুজ় প্রণালীতে তৈরি হওয়া অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, শত্রু দেশ বা তাদের মিত্রদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে ভারত, চিন, রাশিয়া ও পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। তেহরানের দাবি, তাদের সশস্ত্র বাহিনী এই জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে।
আরাঘচি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং হামলার ভয়ে বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছে। রাষ্ট্রপুঞ্জ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করলেও ইরান তাদের সিদ্ধান্তে অনড়। বিদেশমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশগুলোই এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের সুবিধা পাবে, তবে আমেরিকা বা ইজ়রায়েলের জন্য কোনো ছাড়ের অবকাশ নেই।