ভোটাধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অন্ডাল যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে পূর্ণাঙ্গ তালিকার স্বচ্ছতা দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, পুরো ব্যবস্থাটি ‘ভ্যানিশিং ওয়াশিং মেশিন’-এ পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, বেছে বেছে নাম বাদ দিয়ে বিজেপির এই ‘জমিদারি’ বেশিদিন চলবে না এবং মানুষ ব্যালটেই এর উপযুক্ত জবাব দেবে। পরিস্থিতিকে হিটলারের শাসনের চেয়েও ভয়ংকর বলে উল্লেখ করে তিনি দ্রুত সংশোধিত তালিকা জনসমক্ষে আনার দাবি জানান।
পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস কোনোভাবেই অন্য রাজ্যে পাঠানো যাবে না। নির্বাচনের সময় ভিনরাজ্য থেকে আসা সরকারি কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনে সাধারণ মানুষের গ্যাসের জোগানে টান পড়লে তা বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পরেও রাজ্যের স্বার্থ রক্ষায় অনড় অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।