বিজেপিকে প্রকাশ্য চ্যালেঞ্জ অভিষেকের, ‘একটি রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডার দিলে প্রত্যাহার করব প্রার্থী’

বিজেপিকে প্রকাশ্য চ্যালেঞ্জ অভিষেকের, ‘একটি রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডার দিলে প্রত্যাহার করব প্রার্থী’

বিনপুরের জনসভা থেকে বিজেপি নেতৃত্বকে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি বিজেপি শাসিত কোনো একটি রাজ্যেও পশ্চিমবঙ্গের মতো শর্তহীন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করতে পারেন, তবে তৃণমূল আর ভোট চাইবে না। এমনকি আগামী ৫ বছর রান্নার গ্যাসের দাম বাড়বে না—এই প্রতিশ্রুতি দিলে তৃণমূল প্রার্থী প্রত্যাহার করে নেবে বলেও তিনি হুঙ্কার দেন।

অভিষেক অভিযোগ করেন, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছেন, তখন কেন্দ্রের জনবিরোধী নীতির কারণে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিজেপি দেশে ইউসিসি (UCC) কার্যকর করলে আদিবাসী ও তফশিলি জনজাতিরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দিল্লির নেতারা মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করতে চাইছে বলেও তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি জানান, বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। বিজেপি ‘ডবল ইঞ্জিন’ উন্নয়নের কথা বললেও বাস্তবে কোনো কাজ করেনি বলে তিনি কটাক্ষ করেন। ভোটারদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, নোটবন্দি থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি—সবকিছুর জবাব দিতে হবে গণতান্ত্রিকভাবে। বিপক্ষ দল টাকা দিলে তা গ্রহণ করে তৃণমূলকেই ভোট দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষকে অনুরোধ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *