আইপিএল ফ্র্যাঞ্চাইজি হস্তান্তর: বিসিসিআইয়ের ঘরে আসছে ১৬০০ কোটি টাকা

আইপিএলের ২০২৬ মরসুম শুরুর আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের (আরআর) মালিকানা বদলে রেকর্ড আয়ের পথে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নতুন চুক্তিতে আরসিবি প্রায় ১৬,৭০০ কোটি টাকা এবং রাজস্থান রয়্যালস ১৫,৩০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার মোট মূল্যের ৫ শতাংশ ‘ট্রান্সফার ফি’ হিসেবে বিসিসিআইয়ের তহবিলে জমা পড়ে।
বিশাল অংকের এই দুটি চুক্তি থেকে বোর্ডের সম্ভাব্য আয় প্রায় ১,৬০০ কোটি টাকা ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরসিবির নতুন মালিকানায় আদিত্য বিড়লা ও ব্ল্যাকস্টোনের মতো গোষ্ঠী যুক্ত হয়েছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস কিনেছে মার্কিন উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। তবে রাজস্থানের আন্তর্জাতিক সহযোগী ফ্র্যাঞ্চাইজিগুলো এই চুক্তির অন্তর্ভুক্ত কি না, তার ওপর বিসিসিআইয়ের চূড়ান্ত আয়ের অঙ্ক নির্ভর করছে।
দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল এই আকাশচুম্বী মূল্যায়নকে আইপিএলের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন হিসেবে দেখছেন। তাঁর মতে, ভারতে ব্র্যান্ড ভ্যালু ও দৃশ্যমানতা তৈরির জন্য আইপিএল এখন অপরিহার্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মাত্র দশটি দলের এই টুর্নামেন্টে অংশীদারিত্ব পাওয়ার প্রতিযোগিতা এতটাই তীব্র যে, আগামী এক দশকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মূল্য ৪ থেকে ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।