আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক কি যথেষ্ট? প্রশ্ন তুললেন অভিনব মুকুন্দ

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের বেতন কাঠামো নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রাক্তন ওপেনার অভিনব মুকুন্দ। তার মতে, লিগের বিশাল আয়ের তুলনায় ক্রিকেটারদের বর্তমান পারিশ্রমিক অত্যন্ত নগণ্য। ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের মাধ্যমে এবারের আসর শুরুর আগেই বিষয়টি নিয়ে সরব হলেন এই ক্রিকেটার।
একটি অনুষ্ঠানে মুকুন্দ জানান, বেসবল বা ফর্মুলা ওয়ানের মতো বিশ্বখ্যাত লিগগুলোর তুলনায় আইপিএলের ২০-২৫ কোটি টাকার বেতন তেমন কিছুই নয়। তার দাবি, আইপিএল বিশ্বের সেরা ৫টি লিগের মধ্যে থাকলেও ক্রিকেটারদের বেতনের হার এখনও শীর্ষ ১০ বা ২০-র মধ্যে পড়ে না। তিনি মনে করেন, আইপিএলে বেতনের কোনো নির্দিষ্ট উর্ধ্বসীমা থাকা উচিত নয়।
মুকুন্দের বিশ্লেষণ অনুযায়ী, প্রতিটি আইপিএল দল বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা আয় করলেও ক্রিকেটারদের পেছনে খরচ হয় মাত্র ১০০ থেকে ১২০ কোটি টাকা। এই বৈষম্য দূর করতে তিনি সামগ্রিক বেতনসীমা দ্বিগুণ করে অন্তত ২০০ থেকে ২৫০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মুকুন্দ আইপিএলে চেন্নাই ও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।